এশিয়ান কাপ শেষে দেশে ফিরছেন ফুটবলাররা
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪৩ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার
ছবি: আফঈদা খন্দকারের ফেসবুক পেজ থেকে নেওয়া
প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল বাংলাদেশ। মাঠের ফুটবলে ফলাফল না এলেও নিজেদের পারফরম্যান্সে ফুটবল প্রেমীদের মন জয় করে নিয়েছেন ফুটবলাররা। প্রথমবার বড় মঞ্চে খেলার সেই স্মৃতি নিয়েই দেশের উদ্দেশে রওনা হয়েছেন তারা।
পার্থের স্থানীয় সময় আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবিনা-ঋতুপর্ণারা ব্যাংককের উদ্দেশে রওনা হন। সেখানে কয়েক ঘণ্টার ট্রানজিট শেষে আজ মঙ্গলবার (১০ মার্চ) মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ফুটবলারদের।
উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ওঠার ক্ষীণ আশা বেঁচে থাকত বাংলাদেশের। সেক্ষেত্রে সিডনিতে যাওয়ার প্রস্তুতি নিতে হতো তাদের। কিন্তু টানা তিন হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ায় আজ ফিরতি টিকিটেই দেশে ফিরতে হচ্ছে আফিদাদের।
আসরে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে কোনো পয়েন্ট না পেলেও বড় আসরে খেলার অভিজ্ঞতা সঙ্গী হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
জাতীয় দলের এই স্কোয়াডের অধিকাংশ ফুটবলারের বয়সই বিশের নিচে। তাদের জন্য বিশ্রামের সুযোগ নেই বললেই চলে। আগামী পহেলা এপ্রিল থেকে থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। এই অনূর্ধ্ব-২০ দলেরও প্রধান কোচ হিসেবে রয়েছেন পিটার বাটলার। ফলে দেশে ফিরেই এই তরুণ ফুটবলারদের ফের অনুশীলনে নেমে পড়তে হবে।
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ পিটার বাটলারের অবস্থান নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গেছে, তিনি আগামী সপ্তাহে কয়েক দিনের জন্য নিজের দেশ ইংল্যান্ডে যেতে চান। অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে তার এই ছুটি দলের প্রস্তুতি ও পরিকল্পনায় কিছুটা প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিতও দিয়েছেন।
