পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪৯ পিএম, ১১ মার্চ ২০২৬ বুধবার
ফাইল ছবি।
প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, আগামী মাসে মাঠে গড়ানোর কথা ছিল টুর্নামেন্ট। তবে আপাতত আগামী মাসে হচ্ছে না নারী বিপিএল। নতুন সূচি ঘোষণা করেছে বোর্ড।
আজ বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। বিবৃতিতে জানিয়েছে, আগামী ৪ থেকে ১৪ এপ্রিল নারী বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এখন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ২১ জুলাই।
বিপিএল পেছানোর কারণ উল্লেখ করে বিসিবি জানিয়েছে, ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে এবং সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক ও অংশীজনদের সঙ্গে আলোচনার পর, বিপিএল জুলাই মাসে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।’
নতুন সূচি নিয়ে বিসিবি জানিয়েছে, নতুন এই সময়সূচি আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সাথেও বেশ সামঞ্জস্যপূর্ণ, বিশেষ করে জুনে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক পরেই এটি অনুষ্ঠিত হওয়ায় অনেক বেশি বিদেশি খেলোয়াড়কে এই টুর্নামেন্টে পাওয়া যাবে।
পূর্বের সূচি অনুযায়ী, দুটি ভেন্যুতে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। তবে, এবার ভেন্যুর সংখ্যাও বাড়ানোর ঘোষণা দিয়েছে বিসিবি। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে এবার যোগ হচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচও অনুষ্ঠিত হবে বগুড়ায়।
