ঢাকা, সোমবার ১৬, মার্চ ২০২৬ ১:৩৭:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ পিএম, ১৫ মার্চ ২০২৬ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

পবিত্র হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ওমরাহ পালনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সময়সীমা ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী ওমরাহ ভিসা প্রদান, সৌদি আরবে প্রবেশ এবং ওমরাহযাত্রীদের দেশত্যাগের চূড়ান্ত তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ওমরাহ মন্ত্রণালয় জানায়, চলতি শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ২০ মার্চ হবে ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময়। ভিসা প্রাপ্তদের অবশ্যই ১৫ শওয়ালের (৩ এপ্রিল) মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। ওমরাহ পালন শেষে যাত্রীদের জিলকদ মাসের প্রথম দিন অর্থাৎ ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কড়াভাবে জানিয়েছে, হজ পালনের জন্য অবশ্যই বৈধ হজ ভিসা থাকতে হবে। কোনোভাবেই ওমরাহ ভিসা ব্যবহার করে হজ পালন করা যাবে না। হজ অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদ রাখতে নিবন্ধিত হজযাত্রী ছাড়া অন্য কারও হজ পালন থেকে বিরত থাকতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সৌদি হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ রমজান মাসে ওমরাহ কোম্পানিগুলোর সেবার প্রশংসা করে বলেন, হজযাত্রীদের যাতায়াত সহজ করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বিমানবন্দরে আগমনের সময়সূচি মেনে চলা এবং ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মে তথ্য নিয়মিত হালনাগাদ করার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, এই পদক্ষেপগুলো সৌদি আরবের ভিশন ২০৩০ কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার মূল লক্ষ্য ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও উন্নত করা। এছাড়া ২০২৬ সালে অনুষ্ঠেয় তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামের প্রস্তুতি নিয়েও সভায় আলোচনা হয়।