বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
বগুড়া প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ১৮ মার্চ ২০২৬ বুধবার
বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের অদূরে ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর `নীলসাগর এক্সপ্রেস` ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।
বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের অদূরে ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর 'নীলসাগর এক্সপ্রেস' ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে সান্তাহার ও আদমদীঘির মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটিতে হাজারো যাত্রী ছিলেন এবং ছাদ থেকে পড়ে অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি দেয়। বিরতি শেষে সান্তাহার স্টেশন ত্যাগ করার কিছু সময় পরেই ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীদের অনেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নিশ্চিত হওয়া না গেলেও ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী থাকায় ছাদ থেকে পড়ে অনেকেই আহত হয়েছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সান্তাহার ও আদমদীঘির মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। বেশ কিছু যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। উদ্ধার কার্যক্রম শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
