ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:২৯ পিএম, ২২ মার্চ ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন আজ রোববার (২২ মার্চ)। পরিবার-পরিজন নিয়ে আজও ঢাকা ছাড়তে দেখা গেছে অনেককেই। এতে প্রায় তিন কোটি মানুষের শহরটা পরিণত হয়েছে নিরব শহরে।
নগরীর কোথাও আজ সকাল থেকে বেলা ১টা পর্যন্ত চিরচেনা যানজট, হট্টগোল দেখা যায়নি। গণপরিবহণও রয়েছে সীমিত সংখ্যক। অবশ্য ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য রয়েছে বেশ।
ঈদের কারণে বন্ধ রয়েছে মার্কেট ও বাজারঘাট। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ অনেক আগে থেকেই। এছাড়া কলকারখানা ও বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানেও তালা ঝুলছে।
সব মিলিয়ে চিরচেনা ঢাকা যেন হঠাৎ করেই এক শান্ত ও অবসাদগ্রস্ত রূপ ধারণ করেছে। রাজধানীর কারওয়ানবাজার, শাহবাগ, ফার্মগেট, মতিঝিল, মিরপুর, আগারগাঁও এলাকা ঘুরে দেখা গেছে, কিছু কিছু গণপরিবহণ ও রিকশা চলছে।
পথচারী মামুনুল জানান, ঈদ উপলক্ষে গতকাল এসময় ব্যাপক লোকসমাগম দেখা গেলেও আজ তেমন একটা নেই। হয়তো বিকেলে মানুষজন ঘুরতে বের হলে আবারও দেখা মিলবে।
আরিফুর রহমান নামের আরেক পথচারী বলেন, ঢাকার সব মানুষ তো গ্রামে চলে গেছে। তাই খুব বেশি মানুষজন নেই। আর যারা ঢাকায় আছেন, নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না।
কারওয়ান বাজারের এক রিকশাচালক বলেন, ঈদের দিন ভালোই ভাড়া পেয়েছি। কেউ নামাজ পড়তে গেছে, কেউ ঘুরতে গেছে। কিন্তু আজ তেমন যাত্রী পাচ্ছি না। বিকেলের দিকে কিছু পেতে পারি।
