ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ২৩:৫৯:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

মহান মুক্তিযুদ্ধে সংঘটিত বর্বরোচিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বর্তমান বিএনপি সরকার বিশ্বজুড়ে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি দেশের পররাষ্ট্রনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, ‘একাত্তরের গণহত্যা নিয়ে বিএনপি সরকার কাজ করবে। এই ঐতিহাসিক স্বীকৃতির বিষয়টি আমাদের অগ্রাধিকারের তালিকায় সবার উপরে রয়েছে।’

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিসহ সব ধরনের দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা করা হবে। 

বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা নিশ্চিত করেই এসব চুক্তি বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রয়োজনে দেশটির সঙ্গে পুনরায় আলোচনা হতে পারে। সংসদের ভেতরে ও বাইরে আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

ভারতে গ্রেফতার হওয়া হাদী হত্যার আসামিদের বিষয়ে সরকারের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আমাদের নাগরিক হত্যার শিকার হয়েছেন। আসামিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া আমাদের টপমোস্ট প্রায়োরিটি। আমরা হাদি হত্যার বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।’ 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, এটি বর্তমানে একটি চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়েও নিয়মিত আলোচনা চলছে। আইনগত সব দিক অনুসরণ করেই সরকার এ বিষয়ে অগ্রসর হচ্ছে।