ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০১ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন যাত্রী দগ্ধ হয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে মার্কাপুরম এলাকায় একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
পুলিশ জানায়, ভোর প্রায় ৬টার দিকে হরিকৃষ্ণা ট্রাভেলসের একটি বাস তেলেঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোরের উদ্দেশে যাচ্ছিল। পথে রায়াবরম এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়, ফলে যাত্রীরা বের হওয়ার আগেই আগুনে আটকা পড়েন।
মার্কাপুরমের ডিএসপি নাগরাজু জানান, ঘটনাস্থলেই আটজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অন্তত ১৮ থেকে ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ও উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ শোক প্রকাশ করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
