ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার
ফাইল ছবি।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় তৈরি পোশাক রপ্তানি গত জানুয়ারিতে প্রায় ২৫ শতাংশ কমেছে৷ বাংলাদেশের পাশাপাশি এ সময়ে ইইউতে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর রপ্তানিও বিভিন্ন হারে কমেছে৷
ইউরোস্ট্যাটসের পরিসংখ্যান অনুযায়ী, ইইউভুক্ত দেশগুলো চলতি বছরের জানুয়ারিতে বিভিন্ন দেশ থেকে ৭০৩ কোটি ইউরোর তৈরি পোশাক আমদানি করেছে৷ এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ১৫ শতাংশ কম৷ যদিও পরিমাণের দিক থেকে তৈরি পোশাক আমদানি কমেছে ৮ দশমিক ৩৬ শতাংশ৷ জানুয়ারিতে ৩৮ কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক আমদানি করে ইইউভুক্ত দেশগুলো৷ তার বিপরীতে গত বছরের জানুয়ারিতে আমদানি করেছিল ৪১ কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক৷
ইইউর দেশগুলোয় তৈরি পোশাক রপ্তানিতে চীন বরাবরের মতো শীর্ষস্থানে রয়েছে৷ জানুয়ারিতে এই অঞ্চলে ২২২ কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি করে চীন৷ এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯০ শতাংশ কম৷ জানুয়ারিতে চীনের প্রতি কেজি পোশাকের দাম কমেছে ৮ শতাংশ৷
বাংলাদেশ ইইউর বাজারে দ্বিতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ৷ জানুয়ারিতে বাংলাদেশ রপ্তানি করেছে ১৪৩ কোটি ইউরোর তৈরি পোশাক৷ এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ২৫ শতাংশ কম৷ গত বছরের জানুয়ারিতে রপ্তানি হয়েছিল ১৯১ কোটি ইউরোর তৈরি পোশাক৷ পরিমাণের দিক থেকে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানি কমেছে সাড়ে ১৭ শতাংশ৷ সেই হিসাবে জানুয়ারিতে রপ্তানি করা তৈরি পোশাকের দাম কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ৷
ইইউতে তৃতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ তুরস্ক৷ এই বাজারে জানুয়ারিতে ৬২ কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি করেছে তুরস্ক৷ এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কম৷ অবশ্য দেশটির রপ্তানি করা তৈরি পোশাকের প্রতি কেজির দাম জানুয়ারিতে ৩ দশমিক ৭২ শতাংশ বেড়েছে৷
ইউরোস্ট্যাস্টের তথ্যানুযায়ী, ইইউতে তৃতীয় ও চতুর্থ শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ যথাক্রমে ভিয়েতনাম ও ভারত৷ জানুয়ারিতে ভিয়েতনাম রপ্তানি করেছে ৩৬ কোটি ইউরোর তৈরি পোশাক৷ এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কম৷
অন্যদিকে ভারত জানুয়ারিতে ৩৪ কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি করেছে৷ এই রপ্তানি গত বছরের জানুয়ারির তুলনায় ১৫ শতাংশ কম৷ চলতি বছরের প্রথম মাসে ভিয়েতনাম ও ভারতের প্রতি কেজি তৈরি পোশাকের দাম যথাক্রমে ৬ দশমিক ৫০ শতাংশ ও ১ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে৷
