আজও মধ্যপ্রাচ্যের ১৮টি ফ্লাইট বাতিল, মোট বাতিল ৮৫৮
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০৯ এএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার
ফাইল ছবি।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে আকাশপথ বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (৩০ মার্চ) আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৮।
যুদ্ধের কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে, যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের ফ্লাইট চলাচলে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিল হচ্ছে। ফেব্রুয়ারির শেষ থেকে মার্চজুড়ে প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে, যা যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে।
সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—কুয়েতগামী ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৪টি, গালফ এয়ার ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস ২টি এবং জাজিরা এয়ারওয়েজ-এর ৪টি ফ্লাইট।
চলমান সংঘাতের প্রেক্ষাপটে আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রী ও প্রবাসীদের যাতায়াতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
