শিরীন শারমিন চৌধুরীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৪ এএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার
শিরীন শারমিন চৌধুরীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে লালবাগ থানাধীন এলাকায় আশরাফুল ওরফে ফাহিনকে হত্যাচেষ্টার অভিযোগ করা মামলায় গ্রেফতার করা হয় তাকে।
দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ডিবি কার্যালয় থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর বেলা ৩টা ১০ মিনিটের দিকে পুলিশের কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে দিয়ে তাকে এজলাসে উঠানো হয়। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন আসামিকে জিজ্ঞেসাবাদের জন্য দুই দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে এই মামলার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে মর্মে জানান। মামলার পলাতক আসামিসহ মামলার ঘটনা-সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তিনি কৌশলে প্রশ্নের উত্তর এড়িয়ে যান। আসামিকে পুলিশ হেফাজতে এনে মামলার ঘটনা সংক্রান্তে নিবিড় ও ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে মামলার পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করাসহ গ্রেফতার এবং মামলার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়াসহ মামলা তদন্তে বিঘœ ঘটানোর সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মামলার পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করাসহ গ্রেফতার এবং মামলার রহস্য উদ্ঘাটনের জন্য আসামি শিরীন শারমিন চৌধুরী পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় ও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী শামীম আল সাইফুল সোহাগসহ আরো অনেকেই রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হত্যাচেষ্টা মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতর আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। এতে গুললিবিদ্ধ হন আশরাফুল। এ ঘটনায় গত ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন আশরাফুল।
গতকাল মঙ্গলবার ভোরে তাকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ডিবি কার্যালয়ে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
