বিসিবির নতুন কমিটির একমাত্র নারী সদস্য রাশনা ইমাম
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০১ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার
ব্যারিস্টার রাশনা ইমাম।
একমাত্র নারী সদস্য হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত এডহক কমিটির সদস্য হয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম। আগামী ৩ মাসের মধ্যে নতুন করে বিসিবি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই নির্বাচন পর্যন্ত বোর্ড পরিচালিত হবে আহ্বায়ক কমিটির মাধ্যমে। আজ (৭ এপ্রিল) ঘোষিত সেই আহ্বায়ক কমিটিতে রয়েছেন ১১ জন সদস্য।
রাশনা সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং 'আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস'-এর ম্যানেজিং পার্টনার। তার অন্তর্ভুক্তির ফলে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি বোর্ডের আইনি বিষয়গুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে সহযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বিএনপি জোট অন্তর্ভুক্ত রাজনৈতিক দল এনডিএম চেয়ারম্যান, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষাপ্রাপ্ত ব্যারিস্টার রাশনা ইমাম বিশ্বের সবচেয়ে বড় ল’ ফার্ম বেকার অ্যান্ড মেকাঞ্জির লন্ডন অফিসে কর্মরত থাকা অবস্থায় কোম্পানি এবং বাণিজ্যিক আইন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। বিশ্বখ্যাত মিত্তাল এবং শিন্ডার ইলেক্ট্রিক কোম্পানিকে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুড়িতে।
সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, আইন পেশায় দক্ষতা এবং জনস্বার্থে দায়ের করা মামলার সফলতার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ থেকে ‘এশিয়া ইয়াং লিডার- ২০১৮’ হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি। আইনজীবী হিসেবে বাংলাদেশের বিভিন্ন স্থানীয় বৃহৎ শিল্পগোষ্ঠী এবং বহুজাতিক কোম্পানিকে আইনি পরামর্শ এবং সেবা দিচ্ছেন ব্যারিস্টার রাশনা ইমাম।
