ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১০:১৫:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এএফসি অনূর্ধ্ব-২০ কাপ শেষে ফিরলেন অর্পিতারা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ শেষে দেশে ফিরলেন অর্পিতা বিশ্বাসরা। অস্ট্রেলিয়া থেকে জাতীয় নারী দলের শূন্যহাতে ফেরার একমাস পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের মেয়েরাও থাইল্যান্ড থেকে ফিরল খালি হাতেই। 

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে লাল-সবুজের মেয়েরা। ব্যর্থ এই মিশন শেষে গতকাল বিকাল ৪টা ২০ মিনিটে ব্যাংকক থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তারা সুস্থ আছেন।

গত মাসে অস্ট্রেলিয়ায় শেষ হওয়া এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে ‘বি’ গ্রুপে তিন ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ জাতীয় নারী দল। এবার থাইল্যান্ডে চলমান অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে ‘এ’ গ্রুপে বড়দের পথেই হাঁটলেন সুরভী আকন্দ প্রীতিরা। তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছেন অর্পিতারা। অর্থাৎ এক মাসের ব্যবধানে মেয়েদের দুই এশিয়ান কাপেই চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দুই দলেরই দায়িত্বে ছিলেন ইংলিশ কোচ পিটার জেমস বাটলার। 

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর তিনি বলেন,‘এটা আমাদের জন্য বড় একটা অভিজ্ঞতা হলো। এশিয়ান পর্যায়ে আমাদের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করতে শিখছে।’