ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১:০৭:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২৭ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ০৮:৫১ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার

 

পটুয়াখালী সফররত প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। উন্নয়নের কারণে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত যেন না হয়, গৃহহীন না হয়ে পড়ে সেদিকে আমরা লক্ষ্য রেখেছি। এই এলাকায় ১৩০টি পরিবারের জন্য আমরা ঘর তৈরি করে দিয়েছি। এই পরিবারগুলোতে ক্ষতিপূরণ দিয়েছি তো বটেই, ঘরও তৈরি করেছি। যাতে তারা পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পারে।

 


শনিবার দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী পটুয়াখালীর পায়রায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দাগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তৈরি ‘স্বপ্নের ঠিকানা’ নামের পুনর্বাসন পল্লি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ওই ২১ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, আমরা এই এলাকায় এলএনজি টার্মিনাল করে দেব। যাতে এলএনজি শিল্পখাতসহ অন্যান্য খাতে ব্যবহার করা হয়। এছাড়া দক্ষিণাঞ্চলে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও আমরা নেব।



পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১৬টি উন্নয়ন প্রকল্পের ফলক উম্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রধানমন্ত্রী পুনর্বাসন পল্লি পরিদর্শনকালে মাছের পোনা অবমুক্ত করেন ও বৃক্ষরোপণ করেন। পরে তিনি সেখানেই সুধী সমাবেশে অংশ নেন।



এর আগে প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর পায়রার যান। তিনি বিকেলে বরগুনার তালতলী উপজেলায় আয়োজিত জনসভায় যোগদান করবেন। এর পর বরগুনায় আরো ২১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করবেন।