ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫৩:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এ সপ্তাহের ছড়া: দাঁড়িয়ে আছি কেন্ : ফারুক নওয়াজ

ফারুক নওয়াজ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

প্রখ্যাত শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ।

প্রখ্যাত শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ।

বৃষ্টি এলো টাপুর টুপুর 
ভিজছে গাছের পাতা
কার জন্য দাঁড়িয়ে আছি
নেইতো আমার ছাতা।

ইস্টিশানের মিষ্টি পান
ছড়াটা যেন কার?
নাম শুনে তার কাজ কি বলো
হোক না ওটা যার।

মেঘ ডাকছে কড়াৎ কড়াৎ 
ঝিলকে ওঠে বাজ
আমার কথা নেইতো মনে
এখন কারো আজ।

মুষলধারে বৃষ্টি ঝরে
অমাবস্যার রাত
কার জন্য দাঁড়িয়ে আছি
বাড়িয়ে দুটি হাত?

মেঘ বলল, 'সত্যিরে তুই 
হদ্য বোকারাম 
যার জন্য অপেক্ষাতে
জানিস না  তার নাম?' 

কে আসবে ভাবতে ভাবতে
রাত্রি হলো ঘোর--
ঝাপটা হাওয়া ব্যঙ্গ করে
'কেউ কি আছে তোর?'

কেউ নেইতো একলা একা
দাঁড়িয়ে আছি কেন্?
শেষের জীবন পদ্য লেখে
মাঝখানে— হাইফেন...

--------------------------------

লেখক পরিচিতি: ফারুক নওয়াজ (জন্ম: ১ নভেম্বর, ১৯৫৮) একজন বাংলাদেশী শিশুসাহিত্যিক। বাংলাদেশের শিশুতোষ সাহিত্যে নিজস্ব স্বর তৈরি করা লেখকদের মধ্যে ফারুক নওয়াজ অন্যতম। সহজ-সরল ভাষা, মজার ছলে গভীর বার্তা তুলে ধরা এবং শিশুমনের স্বাভাবিক কৌতূহলকে কেন্দ্র করে তিনি রচনা করেন গল্প, ছড়া ও উপন্যাস। তার লেখায় যেমন আছে আনন্দ, তেমনি আছে নৈতিকতা ও মানবিকতার বোধ জাগানোর প্রচেষ্টা। দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের জন্য লিখে তিনি নতুন প্রজন্মের পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।