ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫৩:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘নিজেই রোগী’ সরাইল হাসপাতাল, জনবল সংকট তীব্র: রুমিন ফারহানা 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

‘নিজেই রোগী’ সরাইল হাসপাতাল, জনবল সংকট তীব্র: রুমিন ফারহানা 

‘নিজেই রোগী’ সরাইল হাসপাতাল, জনবল সংকট তীব্র: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রায় সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসার ভরসা একটি মাত্র ৫০ শয্যার হাসপাতাল। কিন্তু সেই হাসপাতালই এখন কার্যত ‘রোগীর মতো’—এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এক সিদ্ধান্ত-প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ চিত্র তুলে ধরেন। রুমিন ফারহানা বলেন, উপজেলার নয়টি ইউনিয়নের বিপুল জনগোষ্ঠীর জন্য থাকা এই হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবলের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি ওষুধ সরবরাহ ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতিরও ঘাটতি রয়েছে।

তিনি জানান, হাসপাতালটিকে উন্নত করতে ১০ কোটি টাকা ব্যয়ে ছয়তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও তা থমকে আছে। গত ৫ আগস্টের পর ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়ায় প্রকল্পটি আর এগোয়নি। ফলে জরাজীর্ণ পুরোনো দোতলা ভবনেই এখন চিকিৎসাসেবা চালাতে হচ্ছে।

সংসদে দেওয়া তথ্যে তিনি আরও বলেন, হাসপাতালে কনসালট্যান্টসহ চিকিৎসকের ৯টি পদ, নার্সের ৬টি, মেডিকেল টেকনোলজিস্টের ২টি, ফিল্ড স্টাফের ১৫টি, স্বাস্থ্য সহকারীর ৮টি এবং অন্যান্যসহ মোট ৬৪টি পদ শূন্য রয়েছে। এই সংকট দ্রুত সমাধান না হলে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা আরও ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।