দুপুরের মধ্যে দেশের চার অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪৯ এএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার
ফাইল ছবি।
দেশের চার অঞ্চলে দুপুরের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য এলাকাতেও আজ আংশিক মেঘলা আকাশসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ঝড়ের তীব্রতা বেশি হওয়ার সম্ভাবনা থাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। চৈত্র-বৈশাখের এই সময়ে নিয়মিত কালবৈশাখীর দাপট থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদগণ।
