ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১২:১৯:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী আসন সংরক্ষণ বিল পাসে ব্যর্থ মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ভারতে নারী আসন সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল পাস করাতে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর নেতৃত্বাধীন সরকার। বিশেষ অধিবেশনে তড়িঘড়ি করে উত্থাপন করা হলেও লোকসভায় পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় বিলটি পাস হয়নি।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত ভোটাভুটিতে ‘১৩১তম সংবিধান সংশোধনী বিল’ পক্ষে ২৯৮ ভোট এবং বিপক্ষে ২৩০ ভোট পড়ে। মোট ৫২৮ জন সাংসদ ভোট দিলেও বিল পাসের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৩৫৩ ভোট নিশ্চিত করতে পারেনি সরকার।

বিলটি নারী আসন সংরক্ষণ ও লোকসভায় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত ছিল। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এটি আইন হিসেবে পাস হয়নি, ফলে কেন্দ্রীয় সরকারের জন্য এটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সরকার পক্ষের দাবি ছিল, বিলটি নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে বিরোধী জোট ইন্ডিয়া জোট অভিযোগ করে, এটি রাজনৈতিক উদ্দেশ্যে ভোট মানচিত্র পরিবর্তনের চেষ্টা।

বিলটি নিয়ে সংসদে তীব্র বিতর্ক হয়। সরকার পক্ষ বিরোধীদের “নারী-বিরোধী” বলে অভিযোগ করে, অন্যদিকে বিরোধীরা একে “রাজনৈতিক কৌশল” হিসেবে আখ্যায়িত করে।

ভোটের ফল প্রকাশের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, এটি নারীদের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বিল ছিল, কিন্তু বিরোধিতা নারী শক্তির বিরুদ্ধে অবস্থান হিসেবে ইতিহাসে লেখা থাকবে।

অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, নারীর অধিকার নিয়ে সরকারের অবস্থান বিশ্বাসযোগ্য নয় এবং বাস্তব সমস্যাগুলো উপেক্ষা করা হচ্ছে।

এর আগে ২০২৩ সালে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিল সংসদে পাস হলেও তা বাস্তবায়নের জন্য জনগণনা ও আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া জটিলতা তৈরি করে। সরকার ২০১১ সালের জনগণনার ভিত্তিতে দ্রুত আসন পুনর্বিন্যাস চাইলেও বিরোধীরা তা মানতে রাজি হয়নি।

বিশ্লেষকদের মতে, এই বিল পাসে ব্যর্থতা মোদি সরকারের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ধাক্কা এবং ভবিষ্যতের সংসদীয় সমীকরণেও এর প্রভাব পড়তে পারে।