ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৮:২২:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাড়িতে আগুন, ঘরের মেঝেতে মিললো স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫২ এএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রোববার (১৯ এপ্রিল) দিনগত রাত প্রায় ১টার দিকে নিজ ঘরের মেঝে থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন তপন রায় (৫০) এবং তাঁর স্ত্রী লতা রানী (৪২)। তারা সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১২টার দিকে ওই বাড়ি থেকে আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পান প্রতিবেশীরা। পরে দ্রুত খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের পর ঘরের ভেতর তল্লাশি চালিয়ে মেঝেতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও দম্পতির মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।