ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫২:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সারা দেশে একযোগে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা। এ বছর পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন চার লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে। ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ৮৮০টি কলেজে ৩১টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আসনসংখ্যার দিক থেকে দেখা যায়, মোট চার লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন প্রায় সমসংখ্যক শিক্ষার্থী। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে রয়েছে দুই লাখ ৭০ হাজার ৫২০টি আসন এবং ৫০৫টি বেসরকারি কলেজে রয়েছে এক লাখ ৮২ হাজার ৩৫৫টি আসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি কলেজগুলোতে আবেদন জমা পড়েছে তিন লাখ ৯৪ হাজারের বেশি, আর বেসরকারি কলেজে আবেদন করেছেন ৫৮ হাজার ৯১৯ জন শিক্ষার্থী।

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সারাদেশে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো পরীক্ষাকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছে।

পরীক্ষা শেষে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।