ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৮:২০:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাঁচ জেলায় বজ্রাঘাতে নারীসহ ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪২ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশের পাঁচ জেলা—গাইবান্ধা, জামালপুর, পঞ্চগড়, নাটোর ও সিরাজগঞ্জে বজ্রাঘাতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক ঘটনায় এসব প্রাণহানি ঘটে। উইমেননিউজ২৪.কম-এর জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে এসব জানা গেছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে চাচা-ভাতিজাসহ তিনজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। বিকেলে ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার এলাকায় ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। পরে জেলায় আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া যায়, ফলে গাইবান্ধায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

জামালপুরের মেলান্দহে বজ্রাঘাতে মর্জিনা (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আরেক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিকেলে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রাঘাতে সারওয়ারদ্দী (২৪) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। সকালে চা-বাগানে কাজ করার সময় বজ্রপাত হলে তারা আহত হন; পরে হাসপাতালে নেওয়ার পথে সারওয়ারদ্দীর মৃত্যু হয়।

নাটোরের সিংড়ায় ধান কাটার সময় বজ্রাঘাতে সম্রাট (২৬) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বিকেলে ঝড়-বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় তিনি বজ্রপাতে আহত হয়ে পরে হাসপাতালে মারা যান।

এছাড়া সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতের শিকার হন।

হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।