ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, প্ররোচনার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রবিবার
ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, প্ররোচনার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও, পরিবারের দায়ের করা মামলায় প্ররোচনার অভিযোগে সংশ্লিষ্ট বিভাগের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মুনিরা মাহজাবিন মিমো বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। পরিবারের সঙ্গে বাড্ডার বাসায় থাকতেন তিনি।
রোববার ভোরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর শিক্ষার্থীর বাবা বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে এক সহপাঠীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেখানে এক শিক্ষকের কাছে ৫০ হাজার টাকা দেওয়ার কথা উল্লেখ ছিল এবং এক সহপাঠীর নামও ছিল। বিষয়টি তদন্তের অংশ হিসেবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিবারের বয়ান ও প্রাথমিক আলামত আত্মহত্যার দিকেই ইঙ্গিত করছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভাগ। বিভাগীয় বিবৃতিতে মিমোকে মেধাবী ও প্রাণবন্ত শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তার এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে বিভাগটি।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। তদন্তের অগ্রগতি এখন সবার নজরে।
