প্রধানমন্ত্রী আজ যশোর যাচ্ছেন
যশোর প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১২ এএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যশোর আসছেন। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আশার সঞ্চার হয়েছে। অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন থেকে শুরু করে সিটি করপোরেশন ঘোষণাসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সুনির্দিষ্ট ঘোষণা আসবে- এমন প্রত্যাশা করছেন যশোরবাসী।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী তিনি আজ সকাল সোয়া ১০টায় যশোরে পৌঁছাবেন। যশোরে তার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে বেলা সাড়ে ১১টায় জেলার শার্শা উপজেলার উল্লাসী ইউনিয়নে জিয়া খাল নামে পরিচিত উল্লাসী খাল পুনর্খনন উদ্বোধন, খাল পুনর্খনন অনুষ্ঠানস্থলে আয়োজিত সুধী সমাবেশে যোগদান, দুপুরে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন এবং বিকাল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি করপোরেশনের ঘোষণা দেবেন বলে প্রত্যাশা সাধারণ মানুষের। যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, ‘যশোরের দুঃখ ভবদহ’ জলাবদ্ধতার স্থায়ী সমাধান, যশোরে একটি সংস্কৃতি ও একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, যশোর-চৌগাছা সড়ককে ৪ লেনে উন্নীতকরণ, যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল বাস্তবায়ন, জলাবদ্ধতা দূরীকরণে সব খালের নেট পাটা ও বেড়ি অপসারণ করে পানি নিষ্কাশনের পরিবেশ তৈরির নির্দেশনা, নদী দখল করে নির্মিত বহুতলবিশিষ্ট বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করে নদী অবমুক্তকরণ, চৌগাছায় ১৫৭ একর জমিতে শহীদ জিয়ার হাতে গড়া বর্তমানে সমস্যাজর্জরিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ তুলা গবেষণা ও বীজবর্ধন খামারের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন যশোরের মানুষ।
