ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১২:১৯:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ তথ্য জানান। তিনি বলেন, ইতোমধ্যে ৪৯ জনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঈন উদ্দীন খান বলেন, ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন (এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বাদে, তিনি ১৯ মিনিট পর মনোনয়ন জমা দিয়েছিলেন)। এদের মধ্যে বিএনপি জোটে ৩৬ জন, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্রদের জোটের এক বৈধ প্রার্থীসহ মোট ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে তাদের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।

বিএনপির ৩৬ নির্বাচিত নারী সংসদ সদস্য (এমপি) হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের ১২ এমপি হলেন—নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি: মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি: মাহবুবা হাকিম।

এছাড়া স্বতন্ত্র জোটের সুলতানা জেসমিনকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান গণমাধ্যমকে বলেন, জোটগুলোর মধ্যে বন্টন করা আসন অনুযায়ী একের অধিক প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রযোজন পড়েনি। এদিকে জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র দাখিল করলেও আদালতের আদেশে সেটি গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। আগামী শনিবার তার মনোনয়নপত্র বাছাই করা হবে।

গত ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর অতিবাহিত না হওয়ায় জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে আলোচনা শুরু হলে নুসরাতের মনোনয়নপত্র তড়িঘড়ি করে দাখিল করানো হয়।