ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫৩:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা: শিক্ষক সুদীপকে রিমান্ডে নিতে আবেদন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১০ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো। ফাইল ছবি

ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে তিন দিন রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার সিএমএম আদালতে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ইকবাল হোসেন এই রিমান্ডের আবেদন করেন।

এ বিষয়ে ঢাকার অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, আগামী রোববার আসামির উপস্থিতিতে এ মামলার রিমান্ড শুনানি হবে। ওই দিন আসামিকে আদালতে হাজির করা হবে।

এর আগে গত ২৮ এপ্রিল অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে এই মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

নথি থেকে জানা গেছে, গত ২৬ এপ্রিল ৩টা ২০ মিনিটে উত্তর বাড্ডা থেকে আসামিকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। এরপর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এজাহার থেকে জানা গেছে, রোববার রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসায় ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া...।’ 

পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে সুদীপ চক্রবর্তীকে আসামি করে মামলা করেন।