ঢাকা বার নির্বাচনে ভোট দিলেন ৭০৬৯ আইনজীবী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২১ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে দুই দিনব্যাপী ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ গণমাধ্যমকে জানান, এবারের নির্বাচনে দুই দিনে মোট ৭ হাজার ৬৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে দ্বিতীয় দিনে ভোট দিয়েছেন ৪ হাজার ৩১০ জন এবং প্রথম দিনে ভোট দিয়েছেন ২ হাজার ৭৫৯ জন। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় ভোট গননা শুরু হবে।
দ্বিতীয় দিনের শুরু থেকেই আদালতপাড়ায় ছিল আইনজীবীদের ব্যাপক উপস্থিতি। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন অংশগ্রহণকারীরা। অনেকে আবার ভিড় এড়াতে আগেভাগেই কেন্দ্রে উপস্থিত হন।
নির্বাচনকে ঘিরে নীল ও সবুজ প্যানেলের সমর্থকদের সরব উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য ফিরে পায় পুরো এলাকা। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর ছিল আদালত প্রাঙ্গণ। “আইনজীবীদের অধিকার রক্ষা করব”, “সততা ও পেশাদারিত্বের জয় হোক”—এমন নানা স্লোগানে জমে ওঠে নির্বাচনী আবহ।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে একাধিক বুথ স্থাপন করা হয়। নারী আইনজীবীদের জন্য ছিল পৃথক বুথের ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন।
শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন পেতে প্রার্থীরাও ভোটকেন্দ্র এলাকায় অবস্থান নেন। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা ভোটারদের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত সময় কাটান।
এর আগে বুধবার প্রথম দিনে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ওইদিন ভোট দেন ২ হাজার ৭৫৯ জন আইনজীবী।
সমিতি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭৩১। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে লড়ছেন ৫৪ জন প্রার্থী। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি সমর্থিত নীল প্যানেল এবং জামায়াত-এনসিপি সমর্থিত সবুজ প্যানেলের মধ্যে। আওয়ামীপন্থি আইনজীবীদের প্যানেল নির্বাচনে অংশ না নেওয়ায় বিষয়টি বাড়তি আলোচনা তৈরি করেছে।
নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস. এম. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিভিন্ন পদে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও।ৃ
