ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১০:০০:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী ওয়ানডে র‌্যাঙ্কিং: পাকিস্তানকে টপকে সাতে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

নারী ওয়ানডে ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে পিছনে ফেলে বাংলাদেশের মেয়েরা উঠে এসেছে সপ্তম স্থানে।

পুরুষ টেস্ট ও নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে দলগুলোর পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ। আগের দুই বছরের পারফরমেন্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।

বার্ষিক হালনাগাদে নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে ওঠে বাংলাদেশ। তাদের রেটিং ৭৩। অষ্টম স্থানে নেমে যাওয়া পাকিস্তানের রেটিং ৭২।

তবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি স্থানে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ড দ্বিতীয়, ভারত তৃতীয়, দক্ষিণ আফ্রিকা চতুর্থ, নিউজিল্যান্ড পঞ্চম এবং শ্রীলংকা ষষ্ঠ স্থানে আছে।

আগের মতো নবম ও দশম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।

পুরুষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে আগের মতো নবম স্থানেই আছে বাংলাদেশ। তবে ৪ রেটিং বেড়েছে তাদের। এখন টাইগারদের রেটিং ৬৭।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুটি স্থান ধরে রেখেছে যথাক্রমে- অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দু’দলের রেটিং ১৩১ ও ১১৯।

একধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছে ভারত। তাদের রেটিং আগের মতো ১০৪। এক ধাপ পিছিয়ে ১০২ রেটিং নিয়ে চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড।

পঞ্চম স্থানে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং ১০১। এক ধাপ এগিয়ে ৮৯ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে পাকিস্তান।

এক ধাপ পিছিয়ে ৮৬ রেটিং নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে শ্রীলংকা। ৬৮ রেটিং নিয়ে আগের মত অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। ১০ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে জিম্বাবুয়ে।

রেটিংয়ের সময়কালে আট ম্যাচ খেলতে না পারায় র‌্যাঙ্কিং থেকে বাদ পড়েছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। র‌্যাঙ্কিং তালিকায় আবারও অন্তর্ভুক্ত হতে হলে আগামী এক বছরের মধ্যে আরও দুটি করে টেস্ট খেলতে হবে তাদের।