ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৫:৫০:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ২ মে ২০২৬ শনিবার

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মালিকপক্ষ অনেক সময় গণমাধ্যমকে নিজ স্বার্থে কাজে লাগিয়ে গণমাধ্যমের কার্যকারিতাকে বিনষ্ট করছে।

আজ শনিবার (২ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের এক গোল টেবিল আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।  

তথ্যমন্ত্রী বলেন, সরকার যেমন গণমাধ্যমের ওপর কর্তৃত্ব প্রকাশ করতে চায়, তেমন মালিকপক্ষও গণমাধ্যমকে নিজ স্বার্থে কাজে লাগিয়ে গণমাধ্যমের কার্যকারিতাকে বিনষ্ট করছে।

জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের প্রধানত ভারসাম্য স্বাধীনতায় মনোযোগ দিতে হবে। এটার রোডম্যাপে কাজ করতে হবে পত্রিকার মালিকদের। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে গণমাধ্যমের এবং সরকার পক্ষের মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে হবে।

নতুন সরকারকে নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বল্প সময়ের কাজে প্রমাণ করার চেষ্টা করছেন। সমস্যা নতুন, তাই সমাধানটাও নতুন দরকার। এজন্যই দরকার বুদ্ধিদীপ্ত কৌশল, যেখানে তরুণদের এগিয়ে আসতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, দেশের সাংবাদিকতার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তথ্য মন্ত্রণালয়ের দক্ষ স্টেকহোল্ডার হিসেবে কাজ করার পরিকল্পনা আছে সরকারের। এ নিয়ে দ্রতই কাজ শেষ হবে।

দেশের মুক্ত গণমাধ্যম নিশ্চিতে গণমাধ্যম স্বাধীনতা সূচক চালুর প্রস্তাবও করা হয়েছে গোলটেবিল আলোচনা থেকে। ২০২৬ সালের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়ে ১৫২তম।