ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১২:১৬:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ হজযাত্রী, মৃত্যু ৭ জনের

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ৪ মে ২০২৬ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১১৩টি ফ্লাইটে মোট ৪৪ হাজার ৯৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সর্বশেষ বুলেটিনে আজ সোমবার (৪ মে) সকালে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪০ হাজার ৮৮৪ জন হজযাত্রী।

এবারের হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫২টি ফ্লাইটে ২১ হাজার ৩০১ জন, সৌদি এয়ারলাইন্সের ৪১টি ফ্লাইটে ১৫ হাজার ৪২৫ জন এবং ফ্লাইনাসের ২০টি ফ্লাইটে ৮ হাজার ২২৯ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

হজ ব্যবস্থাপনা সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত হজ পালনে গিয়ে ৭ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মৃত্যুবরণ করেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, গত ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) ৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেবে।