২৪ ঘন্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:২৩ পিএম, ৬ মে ২০২৬ বুধবার
প্রতীকী ছবি।
সারা দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে নতুন রোগী সনাক্ত হয়েছে ১ হাজার ৬৫৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৩২৪ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল পর্যন্ত নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫৪ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৩ শিশু।
চলতি বছরের ১৫ মার্চ থেকে মঙ্গলবার (৫ মে) পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৪২ হাজার ৯৭৯ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৯ হাজার ৮৩১ শিশু।তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে ২৬ হাজার ৩৬৮ শিশু। আজ নতুন করে সনাক্ত হয়েছে ১ হাজার ৬৫৪ জন রোগীর।
আজ বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গত ১৫ মার্চের পর থেকে দেশে হামের প্রকোপ তীব্র হয়েছে। গত প্রায় দুই মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে বা সন্দেহভাজন হামজনিত কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে।
তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ছয় হাজার ৯৯ জন। তবে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি, যা বর্তমানে ৪৪ হাজার ২৬০ জনে পৌঁছেছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ৩০ হাজার ৮৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ২২৩ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত হামের টিকা দেওয়া এবং উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন।
