কিশোর লেখাকে নিবেদিত একগুচ্ছ ছড়া
শঙ্খশুভ্র পাত্র, টুম্পা মিত্র সরকার, কান্তিলাল দাস
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩৮ পিএম, ১১ মে ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
ছোটদের প্রিয় পত্রিকা কিশোর লেখা’র চল্লিশ বছর পূর্তি উপলক্ষে এ বছর একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। সে সংখ্যায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের নবীন-প্রবীণ শিশুসাহিত্যিকরা কিশোর লেখার ৪০ বছরের পথচলাকে স্মরণ করে ছড়া-কবিতা, স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য, মতামতসহ নানা রকম লেখা লিখেছেন। সে লেখাগুলো থেকে আজ পশ্চিমবঙ্গের কিছু ছড়াকারের একগুচ্ছ ছড়া প্রকাশ করার হলো উইমেননিউজ২৪.কম-এর পাঠকদের জন্য।
কিশোরলেখা
শঙ্খশুভ্র পাত্র
কিশোরলেখা, কিশোরলেখা
পা দিল সে চল্লিশে,
শোর তুলে তো বলতে পারি
চিরসবুজ বল্লি সে!
রং-বেরঙের স্বপ্ন নিয়ে
শিশু-কিশোর অন্তরে,
লেখায় সে যে ফুটিয়ে তোলে
প্রাণের কথা, মন্তরে৷
খানিক পড়েই মনে হবে
নাইকো খুশির অন্ত রে!
কিশোরলেখা, কিশোরলেখা
আকাশ-ভরা কল্পনা...
শোলক-বলা কাজলা দিদির
আবেগী মন, গল্প না৷
রইবে সে যে শাশ্বতকাল—
অনাদি এই বিশ্বতে,
লেখক-পাঠক-সমালোচক
কিংবা গুরু-শিষ্যতে
খামার ভরে রাখবে ফসল—
মাতবে সবাই দৃশ্যতে!
শঙ্খশুভ্র পাত্র কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
-----------------------------------------------------
চার দশক পরেও
টুম্পা মিত্র সরকার
একটু ঝাঁঝিয়ে যেই না বলেছি
বইটা দে দেখি আগে
ঝগড়া করলি, অমনি যে তার
মলাট ছিঁড়লি রাগে!
আমিও তো বড়ো সুবোধটি নই
বলেছি, কুটুস শোন
আজ থেকে আর ডাকছি না তোকে
আমার ছুটকি বোন ৷
এবারের পুজো জমে গেছে বেশ,
সেই কথাটাই কই
বাবাকে বলে আনাব দু'খানা
পুজো বার্ষিকী বই ৷
সঙ্গে থাকবে 'কিশোর লেখা'র
এবারের সংখ্যাটি
চারটি দশক পার করে সে তো
এগোচ্ছে হাঁটিহাঁটি ...
এই কথাটাই মেজদিদি কাল
বলেছিল ঠাম্মিকে
কবে যে সেসব হাতে পাব আহা
চেয়ে আছি তার দিকে!
টুম্পা মিত্র সরকার
জেলা—পূর্ব বর্ধমান
পশ্চিমবঙ্গ
-------------------
চার দশকে 'কিশোর লেখা'
কান্তিলাল দাস
'কিশোর লেখা' পত্রিকা এক
কিশোর মনে স্বপ্ন বুনে--
চারটি দশক ফেলল ছুঁয়ে
তার সে লেখার প্রসাদগুনে।
রূপকথা আর গল্প নিয়ে
হয় সে হাজির ঝিলিক দিয়ে;
ভ্রমণ থাকে, জীবনীও,
অনুবাদের ফুল বিছিয়ে।
থাকে ভাষা-আন্দোলনের
কাহিনী আর শহীদ-কথা,
মুক্তিযুদ্ধ দীপ্ত করে
কিশোরকে দেয় বীর-বারতা।
শিল্পী গুনী ধ্রুব এষের
প্রচ্ছদে এই 'কিশোর লেখা',
বলে যেন -- বন্ধুতা দিই
কিশোর তুমি নও তো একা।
কান্তিলাল দাস
জেলা- হুগলি
পশ্চিমবঙ্গ, ভারত
------------------------
