ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৯:৫৭:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভেনেজুয়েলাকে মার্কিন অঙ্গরাজ্য বানানোর প্রস্তাবে রদ্রিগেজের জবাব

আন্তর্জাতিক ডেস্ক

উইমেনমার্কিন প্রস্তাবে রদ্রিগেজের কড়া জবাবনিউজ২৪

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। 

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। 

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার সম্ভাবনার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জেরে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এর কড়া জবাব দিয়েছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। 

সোমবার (১১ মে) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভেনেজুয়েলা কখনোই কোনো দেশের উপনিবেশে পরিণত হবে না এবং দেশটির সার্বভৌমত্ব রক্ষায় সরকার অটল থাকবে।

সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, বিপুল তেলসম্পদে সমৃদ্ধ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিয়ন্ত্রণে আনা উচিত। তিনি দেশটির তেল সম্পদের সম্ভাব্য মূল্য প্রায় ৪০ ট্রিলিয়ন ডলার বলে উল্লেখ করেন। একই সাক্ষাৎকারে তিনি ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন বলেও মন্তব্য করেন।

এর প্রতিক্রিয়ায় ডেলসি রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলার জনগণ তাদের স্বাধীনতা ও জাতীয় পরিচয়কে গভীরভাবে মূল্য দেয়। তিনি জোর দিয়ে বলেন, দেশটির ইতিহাস, ভূখণ্ড ও সার্বভৌমত্ব কোনোভাবেই আপসের বিষয় নয়। তার ভাষায়, ‘ভেনেজুয়েলা একটি স্বাধীন রাষ্ট্র এবং আমরা যেকোনো মূল্যে আমাদের অখণ্ডতা রক্ষা করব।’

চলতি বছরের শুরুতে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে রাজনৈতিক সংকটের পর ভেনেজুয়েলার ক্ষমতার কাঠামোয় বড় পরিবর্তন আসে। বর্তমানে মাদুরো যুক্তরাষ্ট্রে বিচারাধীন রয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। সেই প্রেক্ষাপটে ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের সম্পর্ক নতুনভাবে আলোচনায় এসেছে।

দ্য হেগে অবস্থানকালে রদ্রিগেজ মূলত গায়ানার সঙ্গে তেলসমৃদ্ধ এসসেকুইবো অঞ্চল নিয়ে চলমান বিরোধ সংক্রান্ত শুনানিতে অংশ নিচ্ছেন। এই অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। আন্তর্জাতিক বিচার আদালতে শুনানির মধ্যেই ট্রাম্পের মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো স্বাধীন রাষ্ট্রকে অন্য দেশের অঙ্গরাজ্যে রূপান্তর করা বাস্তবে অত্যন্ত জটিল এবং প্রায় অসম্ভব। তবে ট্রাম্পের এমন বক্তব্য ল্যাটিন আমেরিকার ভূরাজনীতি ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

পর্যবেক্ষকদের ধারণা, ভেনেজুয়েলার বিপুল জ্বালানি সম্পদ এবং দক্ষিণ আমেরিকায় কৌশলগত অবস্থানের কারণেই দেশটিকে ঘিরে ওয়াশিংটনের আগ্রহ বাড়ছে। তবে ডেলসি রদ্রিগেজের সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে, কারাকাস নিজেদের স্বাধীন অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত নয়। 

তথ্যসূত্র : তাসনিম নিউজ