ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৫ মে ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
ইরানের সঙ্গে চলমান সংঘাত থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বেইজিংয়ে দুই নেতার বৈঠকের পর ট্রাম্প বলেন, শি জিনপিং শুধু যুদ্ধ বন্ধেই সহায়তা করতে চান না, হরমুজ প্রণালিও আবার খুলে দেয়ার পক্ষেও অবস্থান নিয়েছেন। এই বৈঠককে মধ্যপ্রাচ্য সংকট ও চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। খবর টাইম
বেইজিংয়ে দুই নেতার শীর্ষ বৈঠকের পর ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শি জিনপিং সংঘাত নিরসনে সহায়তা করতে চান। ট্রাম্প বলেন, ‘তিনি বলেছেন, আমি সাহায্য করতে পারলে খুবই খুশি হব, যেকোনও ধরনের সহায়তা করতে চাই’।
তিনি আরও বলেন, শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে চীন ইরানকে সামরিক সরঞ্জাম দেবে না। ট্রাম্পের ভাষায়, ‘তিনি বলেছেন, তিনি (ইরানকে) সামরিক সরঞ্জাম দেবেন না। এটা বড় ধরনের বক্তব্য।’
তবে চীনের পক্ষ থেকে ইরানকে গোয়েন্দা তথ্য, ইলেকট্রনিক সরঞ্জাম বা তেল বিক্রির মাধ্যমে যে বিশাল অর্থনৈতিক সহায়তা দেয়া হয়, সে বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা আসেনি। মূলত ইরান ইস্যুতে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হলো চীন।
বিশ্লেষকদের মতে, এই বাণিজ্যিক সম্পর্কই তেহরানের অর্থনীতির বড় ভরসা। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আশা করছিলেন, শি জিনপিং এই প্রভাব ব্যবহার করে ইরানকে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্য শর্তে পারমাণবিক চুক্তিতে রাজি করাতে চাপ দেবেন।
