ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৮:২৩:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিলেট টেস্ট: লিটনের শতকে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

লিটন দাসের দুর্দান্ত শতকের উপর ভর করে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে প্রথম ইনিংসে লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষ ভাগে ৭৭ ওভারে ২৭৮ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। তাতে ১২৬ রানই লিটন আউট হন।

হাসান আলির বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দেওয়ার মাধ্যমে শেষ হয় তার দায়িত্বশীল ইনিংস।

এর আগে শরিফুল ইসলামের সঙ্গে নবম উইকেটে গড়েন ইনিংস সর্বোচ্চ ৬৪ রানের জুটি। সেখানে ৩০ বলে ১২ রান শরিফুলের, আর  ৪৩ বলে ৫১ করেন লিটন।

এর আগে তাসকিনকে নিয়ে ৩৮ এবং তাইজুলকে নিয়ে ৬০ রানের জুটিতেও নেতৃত্ব দেন লিটন।

লিটন ফেরার এই ওভারে নাহিদ রানা উইকেটের পিছনে ম্যাচ দিলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৩০ বলে ১২ রানে অপরাজিত থেকে যান শরিফুল।

৮১ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা ব্যাটার খুররাম শেহজাদ। ৪৫ রানে ৩টি শিকার ধরেন মোহাম্মাদ আব্বাস। ৪৯ রানে ২টি নেন হাসান আলি।

লিটনের দুর্দান্ত সেঞ্চুরি:

লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে দারুণ লড়াই করছেন লিটন কুমার দাস। দুর্দান্ত ব্যাটিংয়ে এই কিপার-ব্যাটার তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে তৃতীয়।

সিলেট টেস্টে শনিবার পাকিস্তানের পেসার খুররাম শেহজাদকে কাভার পয়েন্ট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে জাদুকরী তিন সংখ্যায় পা রাখেন লিটন।

১৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। পরের বলেই আবার হাঁকান ছক্কা। খেলছেন দায়িত্বশীল ইনিংস। সঙ্গী শরিফুলকে খুব একটা স্ট্রাইক দিচ্ছেন না।

উইকেটে যখন এসেছেন তখন বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ১০৬। এরপর দ্রুতই ফেরেন মুশফিক ও মিরাজ। বাকি কাজটা লিটন করেছেন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়েই।

বাংলাদেশ ১১৬ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর তাইজুলকে নিয়ে ৬০, তাসকিনকে নিয়ে ৩৮ ও শরিফুলকে নিয়ে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি গড়েছেন লিটন।

নবম উইকেট জুটিতে শরিফুল খেলছেন ২০ বলে ৫* রান নিয়ে। ১৪২ বলে ১৩টি চার ও ২ ছক্কায় ১১১ রানে খেলছেন লিটন।

বাংলাদেশ: ৭২ ওভারে ৮ উইকেটে ২৫৫ রান।

দ্বিতীয় সেশনেও নেই ৩ উইকেট

শুরুর ধাক্কা সামলে চতুর্থ উইকেট জুটিতে দলকে এগিয়ে নেওয়ার আভাস দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনেই ফিরেছেন মধ্যাহ্নভোজের পর পরই। দৃষ্টিকটু শটে মেহেদী হাসান মিরাজও উইকেট বিলিয়ে দিলে চরম বিপদে পড়ে যায় বাংলাদেশ। তাইজুল ইসলামকে নিয়ে সেই অবস্থা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন লিটন দাস।

পাকিস্তানের বোলারদের তোপের মুখে প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনের শুরুতেও ৩ উইকেট হারায় বাংলাদেশ। ৫৪ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান নিয়ে চা বিরতিতে গেছে দুই দল।

অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে লিটন ৪৩ ও তাইজুল ১৫ রানে ব্যাট করছেন।

দায়িত্বশীল ইনিংস খেলছেন লিটন। শেহজাদ, সাজিদ, হাসানদের ওভারের বেশিরভাগ বলই নিজে খেলছেন। ওভারের শেষদিকে স্ট্রাইক দিচ্ছেন তাইজুলকে।

২৯ রান করে ফিরেছেন প্রথম ম্যাচের নায়ক শান্ত। খুররাম শেহজাদের বলে এলবিডব্লিউ হয়েছেন মুশফিক। ফিরেছেন ২৩ রান করে। আর মিরাজ শেহজাদেরই বাউন্সারে পুল করতে গিয়ে ক্যাচ দিয়েছেন ৪ রানে।

প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০১:

শূন্য রানে ফিরেছেন মাহমুদুল হাসান জয়, ভালো শুরু পেয়ে একই পথ ধরেছেন অভিষিক্ত তানজিদ হাসান ও অভিচ্ঞ মুমিনুল হকও। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশকে টেনে তুলছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

২৬ ওভারে ৩ উইকেটে ১০১ রান নিয়ে মধ্যাহ্নভোজনে গেছে বাংলাদেশ। শান্ত (২৬*) ও মুশফিক (১৮*) ১০ ওভারে অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটিতে ব্যাট করছেন।

সিলেট টেস্টে শুরুতেই চাপে বাংলাদেশ:

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে গেছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার মোহাম্মাদ আব্বাসের করা ইনিংসের দ্বিতীয় বলেই দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন প্রথম টেস্টেও ব্যর্থ মাহমুদুল হাসান জয়। দশম ওভারে আব্বাসকে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন অভিষিক্ত তানজিদ হাসান (৩৪ বলে ২৬)। খানিক পর খুররাম শেহজাদের বলে বোল্ড হয়ে ফেরেন দারুণ ছন্দে থাকা মুমিনুল হকও।

৬৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলার দায়িত্বে আছেন প্রথম ম্যাচের নায়ক নাজমুল হোসেন শান্ত (২৩*) ও অভিজ্ঞ মুশফিকুর রহিম (১*)।

সবশেষ স্কোর ২০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭৮।

প্রথম টেস্টের একাদশ থেকে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এনে খেলছে আজ। সাদমান ইসলাম ও ইবাদত হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ওপেনার তানজিদ হাসান ও বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

একাদশে তিন পরিবর্তন করেছে পাকিস্তান। ইমাম উল হক, নোমান আলি ও শাহীন শাহ আফ্রিদির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন বাবর আজম, সাজিদ খান ও খুররম শেহজাদ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্ট ১০৪ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

এখন পর্যন্ত টেস্টে ১৬বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৩টিতে এবং পাকিস্তানের জিতেছে ১২ ম্যাচে। ১টি ম্যাচ ড্র হয়।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), আজান আওয়াইস, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, বাবর আজম, সাজিদ খান, খুররম শেহজাদ, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।