আরও দুই মামলায় জামিন বহাল, আইভীর মুক্তিতে নেই আইনি বাধা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:২৮ পিএম, ১৭ মে ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়ত আইভির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া আরও দুই হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তার বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলাতেই জামিন কার্যকর রয়েছে এবং কারামুক্তিতে আপাতত কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
আজ রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হক রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদনের ওপর ‘নো অর্ডার’ দেন। এতে নিম্ন আদালতের পরিবর্তে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ বহাল থাকে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে দায়ের হওয়া বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আইভীকে একাধিকবার গ্রেপ্তার দেখানো হয়। প্রথমে ১০টি মামলায় তিনি জামিন পান। পরে সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হলে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়।
গত ৩০ এপ্রিল হাইকোর্ট ওই দুই মামলায় রুল জারি করে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। সেই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথকভাবে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানায়। শুনানি শেষে আদালত জামিন স্থগিত না করায় আইভীর পক্ষে স্বস্তি ফিরে আসে।
আদালতে আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
আইভীর আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, ১২টি মামলার জামিনসংক্রান্ত আদেশ কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানোর প্রক্রিয়া চলছে। সব আনুষ্ঠানিকতা শেষ হলে চলতি সপ্তাহেই তাঁর মুক্তি সম্ভব হতে পারে।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর পর্যায়ক্রমে তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা, হত্যাচেষ্টা ও হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আপিল বিভাগ ও হাইকোর্টের একাধিক আদেশে এখন পর্যন্ত সবগুলো মামলাতেই তাঁর জামিন বহাল রয়েছে।
