ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫৩:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে সিলেটে এগিয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

সিলেট টেস্টে নতুন ইতিহাস লিখলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মোহাম্মদ আব্বাসের বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্রিকেটে নিজের ১৪তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন এই উইকেটকিপার-ব্যাটার, পেছনে ফেললেন মুমিনুল হকের ১৩ সেঞ্চুরির রেকর্ড।

আজ মঙ্গলবার তৃতীয় দিনের চা বিরতির পরপরই ১৭৮ বলে শতক স্পর্শ করেন মুশফিক। ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা। তার সঙ্গে অপর প্রান্তে তাইজুল ইসলাম ব্যাট করছেন ধৈর্যশীলভাবে।

শেষ খবর অনুযায়ী, বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৪৫ রান তুলেছে। দলের লিড দাঁড়িয়েছে ৩৯১ রানে।

এর আগে মধ্যাহ্ন বিরতির সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩০৭ রান। তখন লিড ছিল ৩৫৩ রান। মুশফিক ১৫৫ বলে ৯০ রানে অপরাজিত ছিলেন এবং তাইজুল ২০ বলে ৮ রানে টিকে ছিলেন। তাদের জুটিতে আসে গুরুত্বপূর্ণ ৩৫ রান।

লিটন দাস ৯২ বলে ৬৯ রানের দারুণ ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার। তবে হাসান আলীর বলে সৌদ শাকিলের হাতে ক্যাচ দিয়ে তার ইনিংস শেষ হয়। তার সঙ্গে মুশফিকের ১২৩ রানের বড় জুটি ভাঙে।

পরে মেহেদী হাসান মিরাজ ৩৯ বলে ১৯ রান করে আউট হন। তবে তার আগে মুশফিকের সঙ্গে ৩৪ রানের কার্যকর জুটি গড়েন তিনি।

সকালেই বাংলাদেশের শুরুটা ছিল কিছুটা ধীর। ৪ উইকেটে ২০৩ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা। প্রথম সেশনে নাজমুল হোসেন শান্ত দ্রুত আউট হলেও মুশফিক ও লিটন মিলে দলকে এগিয়ে নেন।

শান্ত আউট হন ৪৬ বলে ১৫ রান করে, খুররাম শেহজাদের বলে এলবিডব্লিউ হয়ে। এরপর থেকেই বাংলাদেশের ইনিংসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন অভিজ্ঞ দুই ব্যাটার।

এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক, যা বাংলাদেশের ক্রিকেটে তার অসাধারণ স্থায়িত্বের আরেকটি প্রমাণ।