হাজীদের সৌদি যাত্রা প্রায় শেষ, পৌঁছেছেন ৭৭ হাজার
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৩ এএম, ২২ মে ২০২৬ শুক্রবার
ফাইল ছবি।
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ১৯৯টি হজ ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন।
শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের জন্য নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন। সেই হিসেবে প্রায় পুরো কোটা পূরণ করে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয় গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। উদ্বোধনী ফ্লাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয়।
সর্বশেষ হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে ২১ মে। এরপর নতুন করে কোনো হজ ফ্লাইট পরিচালনার সময়সূচি নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে হজ শেষে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। এই সময়ে পর্যায়ক্রমে সব হজযাত্রী দেশে ফিরবেন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ ব্যবস্থাপনায় এবার বিমান চলাচল, সৌদি মক্কা-মদিনায় আবাসন, পরিবহন ও চিকিৎসা সেবা—সবকিছুতে সমন্বিত তদারকি জোরদার করা হয়েছে, যাতে হজযাত্রা ও প্রত্যাবর্তন নির্বিঘ্ন হয়।
