ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৮:২২:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ শুরু হজের আনুষ্ঠানিকতা, মিনামুখী লাখো হাজি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক”—তালবিয়ার ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পবিত্র মক্কা। আজ সোমবার মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসল্লি ইতোমধ্যে মিনায় পৌঁছাতে শুরু করেছেন। ভিড় ও যাত্রা জট এড়াতে অনেক হাজিকে রোববার রাতেই বিশেষ বাসে করে মিনায় নেওয়া হয়েছে।

মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস ও হজ এজেন্সিগুলো জানিয়েছে, বাংলাদেশি হাজিদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ৭৮ হাজার মুসল্লি হজ পালন করছেন। আর বিশ্বজুড়ে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসলমানের হজে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

মক্কা থেকে হাবের নির্বাহী সদস্য মুফতি জুনাইদ গুলজার জানান, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী হাজিদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে মিনায় পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, আল্লাহর মেহমানদের সেবায় সৌদি সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

এদিকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে মক্কায় বাংলাদেশ হজ মিশনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি হজের পাঁচ দিনের আনুষ্ঠানিকতায় হাজিদের সার্বিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

শরিয়তের বিধান অনুযায়ী, ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। পরদিন ৯ জিলহজ আরাফাতের ময়দানে সমবেত হবেন তারা। ইসলামী শরিয়তে আরাফাতে অবস্থানকেই হজের মূল রোকন হিসেবে গণ্য করা হয়। এ বছর আরাফাতের খুতবা দেবেন শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।

আরাফাত থেকে সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গিয়ে রাতযাপন করবেন। পরে মিনায় ফিরে শয়তানকে উদ্দেশ করে কঙ্কর নিক্ষেপ, পশু কোরবানি ও মাথা মুণ্ডনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

তবে এবারের হজকে ঘিরে বিরূপ আবহাওয়ার শঙ্কাও রয়েছে। সৌদি আরবের আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) তীব্র গরম, ধূলিঝড় ও বালুবাহী বাতাসের সতর্কতা দিয়েছে। মক্কায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ৪৪ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। একই সঙ্গে আর্দ্রতার মাত্রাও বাড়তে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, নজরান, রিয়াদ, তাবুক, আল-জৌফ ও ইস্টার্ন প্রভিন্সের কিছু এলাকায় ধূলিঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়া জাজান, আসির ও মক্কার পার্বত্য অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের পর্যাপ্ত পানি পান, নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং দিনের তীব্র গরমে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় এই ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ও স্বাস্থ্য সেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

হজের আনুষ্ঠানিকতা মূলত মক্কা ও আশপাশের পবিত্র স্থানগুলো ঘিরে হলেও, অনেক হাজি হজের আগে বা পরে মদিনা সফর করেন। ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর হিসেবে মদিনার রয়েছে মুসলমানদের কাছে বিশেষ ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব।