বেলজিয়ামে ট্রেন-মিনিবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৪, আহত ৫ শিশু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০১ এএম, ২৭ মে ২০২৬ বুধবার
বেলজিয়ামে ট্রেন-মিনিবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৪, আহত ৫ শিশু
বেলজিয়ামের উত্তরাঞ্চলে একটি ট্রেন ও স্কুল মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, মিনিবাসচালক এবং শিশুদের সঙ্গে থাকা একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে ফ্ল্যান্ডার্স অঞ্চলের বুগেনহাউট শহরের কাছে একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৮টার কিছু পর স্কুলগামী মিনিবাসটি ব্রুজ থেকে বুগেনহাউটগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বেলজিয়ামের পরিবহণমন্ত্রী জ্যঁ-লুক ক্রুক জানিয়েছেন, নিহত দুই শিশুর বয়স ১২ ও ১৫ বছর। আহত পাঁচ শিশুকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তারা গুরুতর আহত হলেও বর্তমানে শঙ্কামুক্ত ও স্থিতিশীল অবস্থায় রয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ের ব্যারিয়ার নেমে থাকা এবং লাল সতর্ক সংকেত জ্বলতে থাকা অবস্থায় মিনিবাসটি লাইন পার হওয়ার চেষ্টা করেছিল। ট্রেনচালক জরুরি ব্রেক প্রয়োগ করলেও শেষ পর্যন্ত সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের তীব্রতায় সাদা রঙের মিনিবাসটি ছিটকে রেললাইনসংলগ্ন একটি বাড়ির প্রবেশপথে উল্টে পড়ে। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী এবং উদ্ধারকারী হেলিকপ্টার মোতায়েন করা হয়। উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করেন।
রেলওয়ে নেটওয়ার্ক অপারেটর ইনফ্রাবেল জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। রেলক্রসিংয়ের নিরাপত্তা ব্যবস্থা ঠিকভাবে কাজ করছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও প্রসিকিউটর দপ্তর যৌথভাবে বিষয়টি তদন্ত করছে।
দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১০০ যাত্রী ছিলেন। বেলজিয়ামের জাতীয় রেলওয়ে সংস্থা জানিয়েছে, যাত্রীদের কেউ আহত হননি। তবে দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সবাইকে দ্রুত ট্রেন থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
দুর্ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার।
