দেশের বাইরে নারী ক্রিকেটারদের ঈদ উদযাপন
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:২৬ এএম, ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার
ঈদের খুশিতে ফুরফুরে মেজাজে নারী দলের ক্রিকেটাররা। ছবি : বিসিবি
আজ বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। তবে নারী ক্রিকেটারদের ঈদ শুরু হয়ে গেছে একদিন আগেই। মূলত ত্রিদেশীয় সিরিজ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন স্কটল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখান দেশটিতে আজ বুধবার ঈদ উদযাপিত হওয়ায় সেখানেই ঈদের আনন্দে মেতে উঠেছেন নিগার সুলতানা জ্যোতিরা।
বিদেশের মাটিতে নতুন পোশাকে ক্রিকেটারদের হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
পরিবার-পরিজন ছেড়ে দূরে থাকলেও ঈদের এই আনন্দের দিনে লাল-সবুজের প্রতিনিধিদের মনে কোনো কমতি ছিল না। আজ সকালে দলের সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।
ঈদের নামাজের পর নতুন পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেন সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তাররা। বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা সতীর্থ ও কোচদের সঙ্গে বেশ কয়েকটি সুন্দর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দেশের বাইরে এটাই আমার প্রথম ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা।’ ছবিতে দলের সব ক্রিকেটার এবং বিদেশি কোচিং স্টাফের সদস্যদেরও বেশ ফুরফুরে ও হাসিখুশি মেজাজে দেখা গেছে।
ঈদের আনন্দের মাঝেও বিশ্বকাপের মতো বড় মঞ্চের প্রস্তুতির কথা ভুলে যাননি নারী ক্রিকেটাররা। ঈদের আমেজ গায়ে মেখেই স্কটল্যান্ডের স্থানীয় সময় দুপুরে ট্র্যাকিং স্যুট পরে মাঠে নেমে পড়েন জ্যোতিরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবং আসন্ন ম্যাচের রণকৌশল ঝালিয়ে নিতে দুপুরের পর কঠোর অনুশীলন সেশনে অংশ নেন তাঁরা।
ভিসা জটিলতার কারণে এবার দুই ভাগে দেশ ছাড়তে হয়েছিল নারী দলকে। গত রোববার দিনগত রাতে স্কটল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে প্রথম বহর এবং গতকাল মঙ্গলবার শেষ ধাপে বাকি ১৩ জন সদস্য সেখানে পৌঁছান। পুরো দল এখন স্কটল্যান্ডে রয়েছে।
সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজ শেষ করেই বিশ্বকাপের মূল ভেন্যু ইংল্যান্ডে পা রাখবে টাইগ্রেসরা।
