ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫৩:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীর পাড়ায় পাড়ায় পশু কোরবানি চলছে

জোসেফ সরকার

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪১ এএম, ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় শুরু হয়েছে পশু কোরবানি। সকাল থেকেই ঢাকার অলিগলি, বাসাবাড়ির সামনে, খোলা জায়গা ও নির্ধারিত স্পটে গরু, ছাগল ও ভেড়া কোরবানি দিতে দেখা গেছে। কোরবানিকে কেন্দ্র করে নগরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা, পুরান ঢাকা, খিলগাঁও ও বাসাবোসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক পরিবার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নিয়ে একসঙ্গে কোরবানি দিচ্ছেন। কোথাও কসাইদের ব্যস্ততা, কোথাও মাংস কাটাকাটি ও ভাগ করার কাজ চলছে পুরোদমে।

মোহাম্মদপুরের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন বলেন, “কোরবানি শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি আনন্দ ও ভাগাভাগিরও বিষয়। পরিবারের সবাই মিলে কাজ করছি, ভালো লাগছে।”

মিরপুরে কোরবানি দিতে আসা গৃহিণী শারমিন আক্তার বলেন, “সকালে থেকেই ব্যস্ততা। মাংস গুছানো, আত্মীয়দের পাঠানো—সব মিলিয়ে ঈদের আলাদা আনন্দ।”

এদিকে কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কসাইরাও। রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই তাদের চাহিদা ছিল চোখে পড়ার মতো।

খিলগাঁওয়ের কসাই সোহেল মিয়া বলেন, “ঈদের এই কয়েকদিনই আমাদের সবচেয়ে ব্যস্ত সময়। সকাল থেকে একটার পর একটা কোরবানি দিচ্ছি।”

তবে কোরবানির পাশাপাশি পরিচ্ছন্নতা নিয়েও উদ্বেগ দেখা গেছে কিছু এলাকায়। কোথাও কোথাও সড়কে পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। যদিও ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, দ্রুত বর্জ্য অপসারণে বিশেষ টিম কাজ করছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মী বলেন, “যত দ্রুত সম্ভব বর্জ্য পরিষ্কার করার চেষ্টা করছি। মানুষও সচেতন হলে কাজ সহজ হয়।”

এদিকে পশুর চামড়া সংগ্রহ করতে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে মৌসুমি ব্যবসায়ীদের। মাংস বিতরণেও ব্যস্ত সময় কাটাচ্ছেন অনেকে। দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মধ্যেও কোরবানির মাংস পৌঁছে দিতে দেখা গেছে বিভিন্ন পরিবারকে।

সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারিবারিক মিলন আর ভাগাভাগির আনন্দে রাজধানীর পাড়ায় পাড়ায় জমে উঠেছে কোরবানির ঈদ।