ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫৩:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ: সেমিতে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ: সেমিতে বাংলাদেশ

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ: সেমিতে বাংলাদেশ

ম্যাচের ১১ সেকেন্ডেই গোল করে উল্লাসে মাতলেন আনিকা রানিয়া সিদ্দিকী। প্রথমার্ধেই ব্যবধান হলো দ্বিগুণ। এলোমেলো ফুটবলে পরে দুই গোল হজম করে দল পড়ে গেল পয়েন্ট হারানোর শঙ্কায়। তবে শেষ পর্যন্ত আরও দুই গোলে মালদ্বীপকে হারিয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতেই নিশ্চিত হয়ে গেছে ঋতুপর্ণা-মারিয়াদের সেমি-ফাইনাল খেলা।

তিন দলের ‘বি’ গ্রুপে সেমি-ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতেরও। মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল তারা। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে মালদ্বীপের।

গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আগামী রোববার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ওই ম্যাচ ড্র হলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ সেরা হবে ভারত। তাই গ্রুপ সেরা হতে জয়ের কোনো বিকল্প নেই হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে থাকা বাংলাদেশের সামনে।

চোটের কারণে মালদ্বীপ ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম ও মিডফিল্ডার মনিকা চাকমা; অভিষেক হয়েছে মিডফিল্ডার মোমিতা আক্তার ও ডিফেন্ডার সুরভি আক্তার আরফিনের।

মাত্র ১১ সেকেন্ডে প্রথম আক্রমণেই মালদ্বীপের জালে বল পাঠিয়ে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন সুইডেন প্রবাসী আনিকা। তার এই গোল বাংলাদেশের ফুটবল ইতিহাসের দ্রুততম কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। ধারণা করা হচ্ছে সাফ পুরুষ ও নারী ফুটবল মিলিয়েও এটিই দ্রুততম গোল।

জাতীয় দলের জার্সিতে চতুর্থ ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন আনিকা।

এরপর এলোমেলো ফুটবলে গোল মিলিছিল না। ৩৪তম মিনিটে ব্যবধান ২-০ করেন উমেলাহ মারমা।

বিরতির আগে ও পরে দুই গোল হজম করে বাংলাদেশ। গোলকিপার মিলি কিছুটা উপরে উঠে আসার তার মাথার উপর দিয়ে হয় প্রথম গোল। এটিই ছিল লক্ষ্যে রাখা মালদ্বীপের প্রথম শট।

আফঈদার দূর্বল ডিফেন্ডিংয়ে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। যাদের এতদিন হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ, তাদের বিপক্ষেই পড়ে যায় পয়েন্ট হারানোর শঙ্কায়।

শেষ পর্যন্ত সেটি হয়নি। ৬৪তম মিনিটে বাম দিক থেকে ঋতুপর্ণার ক্রস গোলকিপারের গ্লাভস গলে বেরিয়ে গেলে তার সামনে থাকা প্রীতি নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন।

আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ দিকে ঋতুপর্ণার ফ্রি কিকে হেডে জাল খুঁজে নেন কোহাতি। স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে দল।