ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫২:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আদ-দ্বীনে নবজাতক মৃত্যু: ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৮ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার

আদ-দ্বীনে নবজাতক মৃত্যু: ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

আদ-দ্বীনে নবজাতক মৃত্যু: ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক শিশুর মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ এবং দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে নিরাপত্তা জোরদারের দাবি তোলা হয়েছে।

শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ নোটিশ পাঠান। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট পরিচালক এবং আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, সম্প্রতি হাসপাতালটির নবজাতক ওয়ার্ডে কয়েকটি শিশুর মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, গভীর রাতে একসঙ্গে কয়েকজন নবজাতক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কান্না, বমি, শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেয়। একই সময়ে কয়েকজন প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েন।

এতে আরও বলা হয়, সংকটময় পরিস্থিতিতে পর্যাপ্ত চিকিৎসাসেবা ও সার্বক্ষণিক নজরদারির ঘাটতি ছিল। গুরুতর অসুস্থ নবজাতকদের দ্রুত উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরেও বিলম্ব হয়েছে বলে অভিযোগ ওঠে।

লিগ্যাল নোটিশে চার দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে কার্যকর ক্ষতিপূরণ প্রদান, সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং স্বাস্থ্যসেবার মান তদারকিতে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা।

আইনজীবীর মতে, এ ঘটনা দেশের মাতৃত্ব ও নবজাতক সেবার নিরাপত্তা ও জবাবদিহি ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনে দিয়েছে। তাই ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।