যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দিল স্বামী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:২৮ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও ননদের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা এলাকা থেকে স্বামী চাঁদ আলী খাঁ ও তার বোন সান্তনা খাতুনকে আটক করা হয়। চাঁদ আলী স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।
ভুক্তভোগী গৃহবধূ জানান, বিয়ের পর থেকেই তাকে যৌতুকের জন্য চাপ দেওয়া হচ্ছিল। এর আগে পরিবারের পক্ষ থেকে দেড় লাখ টাকা দেওয়া হলেও পরে আবারও টাকার দাবি করা হয়। দাবি পূরণ না হওয়ায় প্রায়ই তাকে মারধর করা হতো।
তার অভিযোগ, গত রোববার সকালে বাবার বাড়ি থেকে টাকা আনতে না পারায় স্বামী ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ননদের সহায়তায় চুল কাটার মেশিন দিয়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়।
ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যান। পরে স্বামী ও ননদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
