ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫২:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছুটি শেষে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১১ পিএম, ৩১ মে ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় তেমন ভোগান্তি দেখা যাচ্ছে না। সড়ক, রেল ও নৌপথে অনেকটাই স্বস্তিতে রাজধানীতে পৌঁছাচ্ছেন যাত্রীরা।

রোববার সকাল থেকে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে রাজধানীমুখী মানুষের উপস্থিতি বাড়তে দেখা গেছে। তবে কোথাও অতিরিক্ত ভিড় বা পরিবহন সংকটের চিত্র চোখে পড়েনি।

বরিশাল থেকে লঞ্চে ঢাকায় ফেরা যাত্রী মাহমুদুল হাসান বলেন, “গত কয়েক বছরের তুলনায় এবার যাত্রা অনেক স্বস্তিদায়ক ছিল। লঞ্চ সময়মতো পৌঁছেছে, কোনো ঝামেলাও হয়নি। পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে নিশ্চিন্তে ফিরতে পেরেছি।”

শেরপুর থেকে আসা চাকরিজীবী রফিকুল ইসলাম বলেন, “আগে ঈদের পর ঢাকায় ফিরতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। এবার বাসে সহজেই টিকিট পেয়েছি। রাস্তায়ও যানজট কম ছিল।”

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটির কারণে সবাই একদিনে রাজধানীতে ফিরছেন না। অনেকে আগেই ফিরেছেন, আবার কেউ কেউ আরও কয়েকদিন পরে ফিরবেন। ফলে যাত্রীদের চাপ কয়েক দিনে ভাগ হয়ে গেছে।

গাবতলীর একটি পরিবহন প্রতিষ্ঠানের কাউন্টার কর্মকর্তা জানান, “ফেরার চাপ বাড়ছে ঠিকই, তবে তা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। বাসগুলো নির্ধারিত সময়েই চলাচল করছে। যাত্রীদেরও তেমন কোনো অভিযোগ নেই।”

এদিকে রাজধানীমুখী যাত্রার পাশাপাশি উল্টো চিত্রও দেখা যাচ্ছে। যারা ঈদের আগে কিংবা ঈদের দিন গ্রামে যেতে পারেননি, তারা এখন পরিবার নিয়ে গ্রামের পথে রওনা হচ্ছেন। ফলে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঢাকায় ফেরা এবং ঢাকা ছাড়ার দুই ধরনের যাত্রীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, একদল যাত্রী ট্রেন থেকে নেমে ঢাকায় ফিরছেন, আবার অন্যদল গ্রামের উদ্দেশে ট্রেনে উঠছেন। এতে পরিবহন কেন্দ্রগুলোতে কিছুটা ব্যস্ততা থাকলেও কোনো বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি।

যাত্রীরা বলছেন, রাজধানীর সড়ক এখনো তুলনামূলক ফাঁকা থাকায় গন্তব্যে পৌঁছাতে সময়ও কম লাগছে। অনেকেই এটিকে “বছরের সবচেয়ে আরামদায়ক ঢাকা ফেরা” বলে মন্তব্য করেছেন।

তবে সংশ্লিষ্টদের ধারণা, অফিস-আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীমুখী মানুষের চাপ আরও বাড়বে। বিশেষ করে আজ বিকেল থেকে আগামী দুই দিনের মধ্যে ঢাকায় ফেরার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। তারপরও এবার ঈদযাত্রার মতো ফিরতি যাত্রাও বেশ স্বস্তিদায়ক হয়েছে বলে মনে করছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।