নেদারল্যান্ডসের কাছেও হার বাংলাদেশের মেয়েদের
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০১ পিএম, ১ জুন ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
মন্থর শুরুর সঙ্গে বাকিদের যাওয়া-আসার মিছিল। এমন ব্যর্থতার পর বাংলাদেশের জয়ের আশা শুরু থেকেই নিভু নিভু করছিল। একপ্রান্ত আগলে রেখে সেটিকে শেষ ওভারে নিয়ে গিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু শেষ ওভারের সমীকরণ মেলাতে পারেননি তিনি। ফলে টানা দ্বিতীয় হার দেখল বাংলাদেশ।
রোববার (৩১ মে) ত্রিদেশীয় সিরিজে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তুলে নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান করতে পেরেছে বাংলাদেশ। হেরেছে ৮ রানের ব্যবধানে।
রান তাড়ায় নেমে শুরুতেই দুই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১০ রানের মাথায় ফিরে যান ওপেনার দিলারা আক্তার (৯ বলে ৯) আর তিন নম্বরে নামা শারমিন আক্তার সুপ্তা (৪ বলে ২)।
ওপেনিংয়ে নেমে ভালো শুরুর পরও ইনিংস লম্বা করতে পারেননি জুয়াইরিয়া ফেরদৌস (২৪ বলে ২২)। বিপরীতে মন্থর ব্যাটিং করেছেন তিনি। এরপর দ্রুতই ফিরে যান সোবহানা মোস্তারি (৮ বলে ৮), স্বর্ণা আক্তাররা (৯ বলে ১০)।
একপ্রান্ত আগলে রাখা জ্যোতি রিতু মনিকে নিয়ে বাংলাদেশকে জয়ের আশা দেখাচ্ছিলেন। বেশ আক্রমণাত্মক ব্যাটিংই করছিলেন এই দুজন। শেষ ওভারে ১৭ রানের সমীকরণ দাঁড়ায় তাদের সামনে। কিন্তু ওভারের শুরুর বলেই ফিরে যান রিতু মনি। ফেরার আগে ১২ বলে ১৭ রান করেন তিনি।
এরপর দায়িত্ব ছিল জ্যোতির ওপর। ওভারের তৃতীয় বলে চার মেরে সমীকরণ কিছুটা বাঁচিয়ে রেখেছিলেন টাইগ্রেস অধিনায়ক। পরের বলে বড় শট খেলতে গিয়ে ধার পড়েন বাউন্ডারির কাছে। ৫১ বলে ৭৭ রান করে তিনি ফেরার সঙ্গে সঙ্গে শেষ হয় বাংলাদেশের আশা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের শাসন করতে থাকেন নেদারল্যান্ডসের ব্যাটাররা। উদ্বোধনী জুটিতেই তুলেন ৫২ রান। নবম ওভারে ২৪ বলে ২৯ রান করা ওপেনার ফিবি মোলকেনবুর ফিরলে ভাঙে সেই জুটি।
দ্বিতীয় উইকেটেও পঞ্চাশ ছাড়ানো জুটি গড়ে নেদারল্যান্ডস। স্টেরে কালিসকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন পেসার ফারিহা তৃষ্ণা। ২৭ বলে ২৮ রান করেন তিনি।
দ্রুতই আরও এক উইকেট তুলে নেয় বাংলাদেশ। হাফসেঞ্চুরি করা ওপেনার হেদার সিগার্সকেও ফেরান তৃষ্ণা। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪৩ বলে ৫২ রান। ডাচদের অধিনায়ক বাবেত দে লিডিকে (৭ বলে ১৬) বেশি সময় উইকেট স্থায়ী হতে দেননি মারুফা আক্তার।
তবে শেষ দিকে রবিন রাইকা ও সানিয়া খুরানার জুটিতে দেড়শ ছাড়ায় নেদারল্যান্ডসের পুঁজি। ১০ বলে ১৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রবিন রাইকা। শেষ বলে আউট হওয়ার আগে ৯ বলে ৮ রান করেন সানিয়া।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন তৃষ্ণা। একটি করে উইকেট পান মারুফা আর রাবেয়া খান
