রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১০ এএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার হত্যা মামলায় আজ মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ এই ধাপ শুরু হতে যাচ্ছে।
সোমবার ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামিদের হাজির করা হলে বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন এবং আদালতের সামনে হত্যাকাণ্ডের ঘটনার সারসংক্ষেপ উপস্থাপন করেন।
এর আগে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে দাখিল করা অভিযোগপত্র আমলে নেন। মামলায় মোট ১৮ জন সাক্ষীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিচার দ্রুত সম্পন্ন করে স্বল্প সময়ের মধ্যেই রায় নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রপক্ষ কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিশেষ পিপি বলেন, মামলার আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের পক্ষে শক্ত প্রমাণ রয়েছে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছে। তিনি আরও বলেন, আসামিরা ইতোমধ্যে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ায় বিচার প্রক্রিয়া অযথা দীর্ঘায়িত হওয়ার সুযোগ কম।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরদিন প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আলোচিত এ মামলার বিচার কার্যক্রম ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আজ সাক্ষ্যগ্রহণ শুরুর মাধ্যমে মামলাটি নতুন পর্যায়ে প্রবেশ করছে।
