হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৮ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার
ফাইল ছবি।
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েই চলেছে। এবার একদিনে (গত ২৪ ঘণ্টায়) দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন।
আজ বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
এ পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা ৬০১ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫১১টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯০টি শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬০১টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৫৫টি শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ২১০। এই সময়ে এক হাজার ৫২টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৩০টি শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৪ হাজার ৫৭২ আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা নয় হাজার ১৯১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬০ হাজার ১৫৮ রোগী, যাদের মধ্যে ৫৫ হাজার ৯৪২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
