ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৭:৫৯:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১০ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

বিশ্বকাপের ট্রফি। ছবি: এএফপি

বিশ্বকাপের ট্রফি। ছবি: এএফপি

গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র এক সপ্তাহ বাকি। আগামী ১১ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের আগে ফুটবলের নিয়মে বড় ধরণের পরিবর্তন আনছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। এই নিয়মগুলো ২০২৬-২০২৭ মৌসুম থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, আসন্ন বিশ্বকাপেই প্রথম বড় টুর্নামেন্ট হিসেবে এগুলো দেখা যাবে।

ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, এই নিয়মগুলো পরিবর্তনগুলোর মূল লক্ষ্য হলো মাঠে বৈষম্য দূর করা, সময় অপচয় কমানো, ম্যাচের গতি বাড়ানো এবং দর্শক ও খেলোয়াড়দের অভিজ্ঞতা আরও সুন্দর করা।

আসন্ন বিশ্বকাপে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মগুলো হলো–

মুখ ঢেকে রাখলেই সরাসরি লাল কার্ড: মাঠে কোনো ঝামেলা বা মুখোমুখি পরিস্থিতির সময় কোনো খেলোয়াড় যদি হাত বা জার্সি দিয়ে মুখ ঢেকে রাখেন, তাহলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখাবেন। মূলত বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেসতিয়ানি মুখ ঢেকে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের প্রতি বর্ণবাদী মন্তব্য করার পর এই কড়া নিয়ম আনা হয়েছে। তবে সতীর্থদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথা বলার সময় মুখ ঢাকলে কোনো শাস্তি হবে না।

প্রতিবাদে মাঠ ছাড়লে কঠোর শাস্তি: রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কোনো দল বা খেলোয়াড় যদি মাঠ ছেড়ে চলে যান, তবে তাকে লাল কার্ড দেখানো হবে। কোনো কোচ বা কর্মকর্তা যদি খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দেন, তবে তিনিও শাস্তি পাবেন।

এছাড়া যে দলের কারণে ম্যাচ পরিত্যক্ত হবে, বিপক্ষ দলকে সরাসরি ৩-০ ব্যবধানে জয়ী (ফরফিট) ঘোষণা করা হবে। আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোর বিপক্ষে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে সেনেগাল দল মাঠ ছেড়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

থ্রো-ইন ও গোল-কিকের জন্য ৫ সেকেন্ডের কাউন্টডাউন: সময় অপচয় রোধে রেফারিরা হাত উঁচিয়ে ৫ সেকেন্ডের একটি দৃশ্যমান কাউন্টডাউন শুরু করবেন। থ্রো-ইনের ক্ষেত্রে ৫ সেকেন্ডের মধ্যে বল মাঠে না পাঠালে প্রতিপক্ষ দল থ্রো-ইন পাবে। আর গোল-কিকের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে শট না নিলে প্রতিপক্ষ দলকে একটি কর্নার কিক উপহার দেওয়া হবে।

খেলোয়াড় বদলের নতুন নিয়ম: মাঠ থেকে তুলে নেওয়া খেলোয়াড়কে বাউন্ডারি লাইনের সবচেয়ে কাছের অংশ দিয়ে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে মাঠের বাইরে চলে যেতে হবে। যদি কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে ১০ সেকেন্ডের বেশি সময় নেন, তবে তার পরিবর্তে নামতে যাওয়া বদলি খেলোয়াড়টি সঙ্গে সঙ্গে মাঠে নামতে পারবেন না।

নতুন নিয়ম অনুযায়ী, খেলা পুনরায় শুরু হওয়ার পর অন্তত এক মিনিট পার হলে এবং প্রথমবার খেলা থামার পর রেফারির সংকেত নিয়ে তিনি মাঠে ঢুকবেন। তবে চোটের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

মাঠের বাইরে এক মিনিটের চিকিৎসা: কোনো খেলোয়াড়কে চিকিৎসা দিতে যদি চিকিৎসক দল মাঠে প্রবেশ করেন, তবে চিকিৎসা শেষে খেলা শুরু হওয়ার পর ওই খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে ১ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

তবে গোলরক্ষকের চোট, গোলরক্ষক ও আউটফিল্ড খেলোয়াড়ের সংঘর্ষ, সতীর্থদের নিজেদের মধ্যকার সংঘর্ষ, মাথায় গুরুতর আঘাত বা চোটে পড়া খেলোয়াড়টি নিজেই পেনাল্টি কিক নেওয়ার জন্য নির্ধারিত থাকলে এই নিয়মে ছাড় দেওয়া হবে।

ভিএআর প্রযুক্তির পরিধি বৃদ্ধি: ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে প্রথমবার ব্যবহার হওয়া ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তির পরিধি এবার আরও বাড়ানো হচ্ছে। এখন থেকে স্পষ্ট ভুল সিদ্ধান্তের কারণে কাউকে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেওয়া হলে কিংবা ভুলবশত অন্য খেলোয়াড়কে কার্ড দেখানো হলে তা যাচাই করতে ভিএআর ব্যবহার করা হবে।

এছাড়া ভুলভাবে দেওয়া কর্নার কিক এবং ম্যাচ পুনরায় শুরু হওয়ার ঠিক আগে কোনো ফাউল করা হলেও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে।

তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’: খেলোয়াড়দের স্বস্তির জন্য প্রতিটি হাফের মাঝামাঝি সময়ে (২২তম মিনিটের কাছাকাছি) তিন মিনিটের একটি করে ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি থাকবে। তবে রেফারি চাইলে ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে (যেমন ২০তম মিনিটে কেউ ইনজুরিতে পড়লে) এই বিরতির সময় কিছুটা এগিয়ে বা পিছিয়ে নিতে পারবেন।

গোলরক্ষকের চিকিৎসাকালীন নিষেধাজ্ঞা: ম্যাচ চলাকালীন কোনো গোলরক্ষক যদি মাঠের ভেতর চিকিৎসা নিতে থাকেন, তবে দুই দলের কোনো খেলোয়াড়ই মাঠ ছেড়ে বাইরে যেতে পারবেন না। এমনকি এই সময়ে মাঠের সাইডলাইনে গিয়ে কোচের সঙ্গে কোনো কৌশলগত আলোচনা বা “টাইমআউট” করা যাবে না।