ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১৫:৩৬:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ এএম, ৭ জুন ২০২৬ রবিবার

আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

আজ রোববার থেকে মেট্রোরেলের চলাচল রাতে উভয় দিক থেকে ২০ মিনিট করে বাড়বে। এ সিদ্ধান্তের ফলে রাতে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়বে সাড়ে ১০টায়। এখন মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়ে ১০টা ১০ মিনিটে। আর উত্তরা থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়বে ৯টা ৫০মিনিটে। এখন ছাড়ে রাত সাড়ে ৯টায়। ফলে কর্মজীবী ও রাতের যাত্রীদের জন্য যাতায়াত আরও সহজ হবে।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, রাতের সেবা বাড়ানোর বিষয়ে গত এক মাস ধরে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। সেই প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর আজ রোববার থেকে নতুন সময়সূচি কার্যকর করা হচ্ছে।

প্রাথমিকভাবে বাড়তি ২০ মিনিটে একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলমুখী এবং আরেকটি ট্রেন উত্তরামুখী চলাচল করবে। এ সময় ট্রেনের ব্যবধান হবে প্রায় ১০ মিনিট।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম জানিয়েছেন, নতুন সময়সূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যাত্রীদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে আরও সময় বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায় থেকে আসবে।

সূত্র জানায়, কর্তৃপক্ষের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো মতিঝিল থেকে রাত ১১টা পর্যন্ত এবং উত্তরা থেকে রাত ১০টার পর পর্যন্ত ট্রেন চলাচল নিশ্চিত করা। তবে একবারে বড় পরিবর্তনের পরিবর্তে ধাপে ধাপে সময় বাড়ানোর পথ বেছে নেওয়া হয়েছে, যাতে যাত্রী চাহিদা ও পরিচালনাগত বিষয়গুলো মূল্যায়ন করা যায়।

বর্তমানে সকালে উত্তরা থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে উত্তরাগামী প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে। সকালবেলার সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। বর্তমানে প্রতিদিন ২৯৭টি ট্রিপ পরিচালনা করছে মেট্রোরেল। রাতের সময়সীমা বাড়ার ফলে ট্রিপের সংখ্যাও বাড়বে। উত্তরা-মতিঝিল রুটে চলাচলের জন্য বর্তমানে ২৪ সেট ট্রেন রয়েছে। প্রতিটি সেটে রয়েছে ছয়টি কোচ। পিক আওয়ারে সাধারণত ১২ সেট ট্রেন চলাচল করলেও নতুন সময়সূচির কারণে প্রয়োজন হলে ১৪ সেট ট্রেন ব্যবহারের প্রস্তুতি রাখা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রথম মেট্রোরেল চালু হয়। শুরুতে চলাচল করত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যা বাড়ে। মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয় ২০২৩ সালের শেষ দিনে।