গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৩২ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার ‘তথ্য আপা’ প্রকল্পে বরিশালের গৌরনদীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৮ জুন) দুপুর ১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অর্ধশতাধিক নারীকে নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক ইবনে বাহার, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা শিল্পী বণিক, গ্রাম আদালত পরিচালনার উপজেলা সমন্বয়কারী দেলোয়ার হোসেন প্রমুখ।
উঠান বৈঠকে গ্রাম আদালত সম্পর্কে ডকুমেন্টারি প্রদর্শন, হামের প্রতিকার ও প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা গ্রহণে হটলাইন নম্বরের ব্যবহারের ওপর গুরুত্ব তুলে ধরা হয়। উল্লেখ্য, সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে “গৌরনদী তথ্যকেন্দ্র” সরকারের নানাবিধ সুবিধা ও সেবা নারীদের কাছে বিনামূল্যে পৌঁছে দিয়ে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে।
